BD SKILLS NEWS 24
শিক্ষা · কারিগরি · দক্ষতা উন্নয়ন সংবাদমাধ্যম
ব্রেকিং

১৪টি অকুপেশনের অ্যাসেসমেন্ট টুলস পর্যালোচনা ও প্রণয়ন করল এনএসডিএ

দক্ষতা মূল্যায়নে মানোন্নয়ন ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়াতে নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক | BDSKILLSNEWS24

দেশের দক্ষ জনশক্তির দক্ষতা মূল্যায়ন ব্যবস্থাকে আরও মানসম্মত, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে ১৪টি অকুপেশনের অ্যাসেসমেন্ট টুলস পর্যালোচনা ও প্রণয়ন করেছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)। সংশ্লিষ্ট ক্ষেত্রের অভিজ্ঞ বিশেষজ্ঞ ও রিসোর্স পার্সনদের অংশগ্রহণে এ উদ্যোগের মাধ্যমে দক্ষতা যাচাইয়ের মূল্যায়ন পদ্ধতিকে আরও যুগোপযোগী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত ‘মানসম্মত ও যুগোপযোগী অ্যাসেসমেন্ট টুলস প্রণয়ন কর্মশালা’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসডিএ-এর সদস্য (সমন্বয় ও অ্যাসেসমেন্ট) ও যুগ্মসচিব মিনা মাসুদ উজজমান।

কর্মশালায় ১৪টি অকুপেশনের অ্যাসেসমেন্ট টুলসের বিদ্যমান কাঠামো পর্যালোচনার পাশাপাশি দক্ষতা যাচাইয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় মূল্যায়ন পদ্ধতি, মানদণ্ড ও সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট পেশাক্ষেত্রের অভিজ্ঞ এক্সপার্ট ও রিসোর্স পার্সনরা তাদের বাস্তব অভিজ্ঞতা ও কারিগরি মতামত তুলে ধরেন।

তাদের মতামতের ভিত্তিতে প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতা আরও নির্ভুলভাবে যাচাই করা, মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং শিল্প ও কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অ্যাসেসমেন্ট টুলস উন্নয়নের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এনএসডিএ-এর সদস্য (পরিকল্পনা ও দক্ষতামান) ও অতিরিক্ত সচিব মো. রবিউল ইসলাম, এনডিসি; সদস্য (পরিকল্পনা ও দক্ষতামান) ড. এম. মুজিবুর রহমান; সদস্য (প্রশাসন ও অর্থ) ও যুগ্মসচিব মো. জোহর আলীসহ এনএসডিএ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, দক্ষতা মূল্যায়নের জন্য মানসম্মত ও যুগোপযোগী অ্যাসেসমেন্ট টুলস প্রণয়ন দেশের স্কিল ডেভেলপমেন্ট ইকোসিস্টেমে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এর মাধ্যমে দক্ষতার স্বীকৃতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় গুণগত পরিবর্তনের পাশাপাশি জাতীয় দক্ষতা সনদের আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।

বাংলাদেশের দক্ষ জনশক্তিকে জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে তুলতে দক্ষতা উন্নয়নের পাশাপাশি নির্ভরযোগ্য ও আন্তর্জাতিক মানের মূল্যায়ন ব্যবস্থা গড়ে তোলাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এনএসডিএ-এর এই উদ্যোগ সেই লক্ষ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

#BDSKILLSNEWS24 #NSDA #SkillsDevelopment #SkillsAssessment #AssessmentTools #NationalSkillsCertificate #SkillsForAll #Bangladesh

অ্যাপ হিসেবে ইনস্টল করুন দ্রুত খুলবে · ইন্টারনেট ছাড়াও পড়া যাবে
নতুন সংস্করণ এসেছে — চাপুন